দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান (৫৫) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুর রহমান ফরিদগঞ্জ উপজেলার কৈড়াতলী গ্রামের বাবুর বাড়ির বাসিন্দা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, সকালে ধর্ষণচেষ্টার মামলার আসামি মিজানুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
তবে নিহতের পরিবার পুলিশের বর্ণনার সঙ্গে ভিন্ন দাবি করেছে। নিহতের স্বজন মামুন পাটোয়ারীর অভিযোগ, মিজানুর রহমান ‘মিথ্যা অপবাদ’ এবং মানসিক চাপে মারা গেছেন। তার দাবি, কয়েকজন ব্যক্তি মিজানুর রহমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং তাদের যোগসাজশেই তাকে কোনো তদন্ত ছাড়াই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে কৈড়াতলী গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এমএম/